
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা বা সামরিক সংঘাত, উভয় পরিস্থিতির জন্যই ইরান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত। তিনি বলেন, পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে ওয়াশিংটন রাজনৈতিক বিচক্ষণতা প্রদর্শন করতে পারবে কি না তার ওপর।
মঙ্গলবার (২ নভেম্বর) তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি এসব কথা বলেন। তিনি জানান, মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা জোরদার হচ্ছে। এক্ষেত্রে তেহরান ইতিমধ্যেই তাদের প্রস্তাবও উপস্থাপন করেছে।
আরাগচি বলেন, সবকিছু নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক বিচক্ষণতার ওপর।
হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তেহরানের শর্ত মেনে নিলেই কেবল গুরুত্বপূর্ণ এই নৌপথ খোলা এবং আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হবে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই শর্তগুলি মেনে নেয় তবে হরমুজ প্রণালী খোলা হবে এবং আলোচনা আবার শুরু হবে। অন্যথায় বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকবে। ইরান মাথা নত করবে না।
