
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালন করেন। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে লাইভে এসে তারা এই কর্মসূচি পালন করেন বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে।
এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণগুলো কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ভিডিওতে আন্দোলনকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন বলে দেখা যায়। এ ছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একে এম এনামুল হক শামীম এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দেওয়ার দৃশ্যও ক্যামেরাভাবে ধরা পয়েছে।
এসব ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রসারিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে টোলপ্লাজায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান এবং যানচলাচল ব্যাহত হওয়ার দৃশ্য দেখা যায়।
অন্যদিকে, অবরোধকারীরা চারদিক থেকে আসা শুরু করলে পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান গেট তালা মেরে পুলিশ সদস্যরা ভেতরে অবস্থান নেন। থানার কোন কর্মকর্তাও ফোন রিসিভ করেননি। এ ঘটনায় পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
