
গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলন মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের পর পুনো উত্তপ্ত হয়। আন্দোলনের ২৪তম দিনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে জেলার ৭০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে এসে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। উত্তেজনাকর পরিস্থিতির কারণে ওই এলাকার ১০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।
এর কিছুক্ষণ পর গাজীপুরা ২৭ এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্স ভাঙচুর করা হয় এবং বক্সের আসবাবপত্রে আগুন দেওয়া হয়। পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায়ও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টায় পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এক স্থান থেকে তাদের সরিয়ে দেওয়া হলে অন্য স্থানে গিয়ে আবারও বিক্ষোভের চেষ্টা করেন তারা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকার ৭০টি কারখানা বন্ধ রাখা হয়েছে।
