
নিজস্ব প্রতিবেদক : কাতারের দোহায় ইসরায়েলের চালানো এক বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতারা অক্ষত আছেন বলে দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার (সেপ্টেম্বর ৯) রাতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হামাস নেতারা সবাই নিরাপদে রয়েছেন। হামাসের নেতা খলিল আল-হাইয়া এই হামলা থেকে বেঁচে গেলেও তার ছেলে হুমাম এবং এক ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন বলে জানান সুহাইল আল-হিন্দি। এছাড়াও, তিন দেহরক্ষীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আল-হিন্দি বলেন, “যেকোনো প্রাণহানিই দুঃখজনক। নেতৃত্বের রক্ত যেমন মূল্যবান, ঠিক তেমনি প্রতিটি ফিলিস্তিনি শিশুর রক্তও সমান মূল্যবান।”এই হামলাকে শুধু হামাস বা কাতারের ওপর নয়, বরং আরব, মুসলিম এবং বিশ্বের স্বাধীনচেতা মানুষের ওপর এক ধরনের আগ্রাসন হিসেবে বর্ণনা করেন আল-হিন্দি। তিনি বলেন, “যারা যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন, তাদের হত্যার চেষ্টা একটি ভয়াবহ অপরাধ—মুক্ত বিশ্বকে এই জঘন্য হামলা প্রত্যাখ্যান করতে হবে।” তিনি আরও বলেন, এই হামলার বিরুদ্ধে শুধু নিন্দা বা বিবৃতিই যথেষ্ট নয়, বরং বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। রয়টার্স প্রথমে প্রত্যক্ষদর্শীদের বরাতে এই খবর প্রকাশ করে। এরপর ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এই হামলার তথ্য নিশ্চিত করে এবং জানায় যে তারা হামাসের ঊর্ধ্বতন নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, যুদ্ধবিরতি নিয়ে সর্বশেষ মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য কাতারে অনুষ্ঠিত একটি বৈঠকের সময় হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়।
