
মোল্লা জাহাঙ্গীর আলম // কৃষক বাঁচলে বাঁচে দেশ। আর দুর্নীতি বাঁচলে দেশের মানুষের ভাগ্য বদলাবে না”—এমন হুঁশিয়ারি দিয়ে খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দুর্নীতির লাগাম টেনে না ধরলে উন্নয়নের কোনো সুফলই সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না।শনিবার সকালে রূপসা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার, ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ করে।হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। সেই পথেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের মুখে হাসি ফোটাতে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন।তিনি জানান, কৃষকের ঘরে সমৃদ্ধি ফিরলে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। এজন্য বিএনপি সরকার কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। অতীতের কোনো সরকার কৃষকের ঘাম ও পরিশ্রমকে এমন মর্যাদা দেয়নি। এটি শুধু ধান ক্রয় নয়, কৃষকের ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠার রাষ্ট্রীয় অঙ্গীকার।ধান সংগ্রহে কোনো দুর্নীতি, অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। কৃষক যাতে হয়রানি ছাড়া দ্রুত ন্যায্যমূল্য পান, সেজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আগামীতে আরও বেশি কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।হেলাল বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় বাধা দুর্নীতি। দুর্নীতি জাতির স্বপ্ন ধ্বংস করে, মানুষের অধিকার কেড়ে নেয়। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানে অনিয়ম হবে, সেখানেই জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে।তিনি বলেন, জনগণের টাকার প্রতিটি হিসাব জনগণকে দিতে হবে। গরিব, অসহায় মানুষের কল্যাণে যেসব প্রকল্প আসলেই কাজে লাগে, সেগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। সরকারি অর্থ লুটপাট হতে দেওয়া যাবে না। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করবে বিএনপি সরকার—এটাই অঙ্গীকার।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন।এদিন এমপি হেলাল ১টি পরিবার ও ১টি প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং ৯৮ জনের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এরপর তিনি রূপসা উপজেলা খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেন। এ অভিযানে রূপসা উপজেলার কৃষকদের কাছ থেকে মোট ৬১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা রিকতা, স্বাগত বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।বিকেলে তিনি ঘাটভোগ ইউনিয়নের ডোবা উত্তর পাড়া এলাকায় মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।ত্রাণ ও ধান সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, খাদ্য গুদাম ইনচার্জ মো. সেলিম, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
