
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী সুপার ট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। শনিবার এক বিবৃতিতে তারা জানায়, ট্যাংকার দুটি ইরানের অনুমোদনহীন সামুদ্রিক এলাকা দিয়ে চলাচল করার সময় নৌমাইনের সংস্পর্শে এসে আগুনের শিকার হয়। বিপ্লবী গার্ডের বিবৃতিতে বলা হয়, দ্বিতীয় ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল এবং এটি নেভিগেশন ব্যবস্থা ও রাডার বন্ধ রেখে অনুমোদনহীন পথে চলার চেষ্টা করছিল। মাইনের আঘাতে এর ইঞ্জিনকক্ষে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। ট্যাংকারটি তখন দাউ দাউ করে জ্বলছিল বলে দাবি করেছে আইআরজিসি।
এর আগে শুক্রবার দুটি ট্যাংকারে হামলার খবর জানায় ইরানের বিপ্লবী গার্ড। শনিবার সকালে একটি সুপার ট্যাংকারে আগুন লাগার কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টা পর দ্বিতীয় ট্যাংকারটিও ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দেয় বাহিনীটি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয় তেহরান। পরে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত আরও জটিল হয়ে পড়ে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল নিয়ে কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে গত কয়েক দিন ধরে সেখানে জাহাজ চলাচলে আবারও বাধা সৃষ্টি করছে ইরানের বিপ্লবী গার্ড।
পশ্চিমা ও আরব দেশগুলোর অভিযোগ, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা দিতে ইরানি বাহিনী সরাসরি বিভিন্ন জাহাজে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের দাবি, ট্যাংকার দুটি ইরানের অনুমোদনহীন সামুদ্রিক এলাকা দিয়ে চলাচল করার সময় নৌমাইনের সংস্পর্শে এসে আগুনের শিকার হয়। ফলে ঘটনাটি প্রকৃতপক্ষে মাইনের কারণে ঘটে নাকি সরাসরি হামলা, তা এখনও স্পষ্ট নয়।
