
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমে মিছিলের অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুম (৩০) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সজিব মিয়া (২০)। পুলিশ জানিয়েছে, আল মাসুম ঈশ্বরগঞ্জ পৌর শহরের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং সজিব মিয়া উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান শুরু করে। পরে চরশিহারী এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মিছিলের শেষ পর্যায়ে থাকা দুজনকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, বিশেষ অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
