
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বুধবার রাজবাড়ী সার্কিট হাউসে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে জেলার ২৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তির হাতে নগদ ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৩০ হাজার টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের সহধর্মিণী আমেনা শফিক উপস্থিত ছিলেন।
বক্তারা অনুদান বিতরণের উদ্দেশ্য ব্যাখ্যা করলে বলেন, অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের আর্থিক সংকট লাঘব করা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নই এই সহায়তার মূল লক্ষ্য। আয়োজক পক্ষ আশা ব্যক্ত করেছেন, এই অনুদান উপকারভোগীদের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে কিছুটা সহায়ক হবে। বক্তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নতিতে সরকারি ও সামাজিক পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জেলা নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামান, পৌর জামায়াত আমির ড. মো. হাফিজুর রহমানসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. রঞ্জু বিশ্বাস, সদর জামায়াত যুব বিভাগের সভাপতি মো. রাজু আহমেদ, সেক্রেটারি মো. ইব্রাহীম খলীল উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
