
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)। পুলিশের তল্লাশিতে তাদের বাড়ি থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির জন্য থাকা ১৮ হাজার টাকা এবং পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালপুর থানার সূত্রে জানা যায়, ভোরের এই অভিযানে নারগিছ খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে দম্পতিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার নারগিছ খাতুনের বিরুদ্ধে লালপুর থানায় ২০২১ ও ২০২৪ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধেও ২০২৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা চলমান।
ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
