
জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর অভিযানে ২১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ পাঁচজন মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত উপজেলার বৈষ্ণবপাড়া এলাকায় চালানো অভিযানে এ গ্রেপ্তার ও উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে জেলা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজനെ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার লাউচাপড়া এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— বকশীগঞ্জ উপজেলার বৈষ্ণবপাড়া গ্রামের সুজাত মিয়া (৩৭) ও সিফাত (২০), জানকিপুর মৃধাপাড়া এলাকার ফুরকান হোসেন (১৯), লাউচাপড়া এলাকার আমান উল্লাহ উদয় (২৭) এবং গাজীপুরের জয়দেবপুর এলাকার রুবেল মিয়া (২৭)।
অভিযানে তাদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মদের মধ্যে ১৩৫ বোতল আইস ভদকা, ২৪ বোতল রয়েল স্ট্যাগ, ১২ বোতল এসি ব্ল্যাক, ১২ বোতল ম্যাকডওয়েলস এবং ৩৪ বোতল আইকনিক হোয়াইট ব্র্যান্ডের মদ রয়েছে। উদ্ধার করা মদের মোট পরিমাণ প্রায় ১১৪ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা। এছাড়া মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় মদ এনে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ এবং এর সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত কাম্য।
