
রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রী নামানোর পরপরই এই ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
মিরপুর-১ এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আলামিন জানান, রাত প্রায় ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসে আগুন লাগে।
তাঁর বরাত দিয়ে জানানো হয়, বাসে থাকা যাত্রী, চালক ও তাঁর সহকারী নিরাপদে নেমে আসতে পেরেছেন। ফলে এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সংশ্লিষ্টতা এবং আগুন দেওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
