
প্রতিবেদক: শেখ মোঃ আব্দুল হামিদ:
গুরুতর আহত একজনকে ঢাকায় প্রেরণ, বিআরটিসি বাসের বিরুদ্ধে বেপরোয়া গতির অভিযোগ শ্রীমঙ্গল থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের লামুয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রী নিয়ে একটি গাড়ি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আসছিল। গাড়িটি শ্রীমঙ্গল থানা এলাকা অতিক্রম করে লামুয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস গাড়িটিকে চাপ দেয় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন গুরুতর আহত হন।আহত এক ব্যক্তির ভাষ্যমতে, দুর্ঘটনার সময় গাড়িতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। চালক শেষ মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলেও দ্রুতগতির বাসের চাপে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গলের গাড়ি শ্রমিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আহতদের খোঁজখবর নেন এবং ঘটনার বিষয়ে জানতে চান। তবে অভিযোগ রয়েছে, বিআরটিসির দায়িত্বপ্রাপ্ত এক ম্যানেজার ঘটনাস্থলে এলেও স্থানীয়দের বক্তব্য না শুনেই চলে যান। এতে শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কের লামুয়া এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে। বিশেষ করে দূরপাল্লার বাসগুলো প্রায়ই অতিরিক্ত গতিতে চলাচল করায় ছোট যানবাহন ঝুঁকির মধ্যে পড়ে। স্থানীয়দের দাবি, দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ ও কঠোর নজরদারি না বাড়ালে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এ ঘটনায় স্থানীয় জনগণ সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
