
বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিলের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা গঠন
চট্টগ্রাম, ২ নভেম্বর : বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি শাখা গঠন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিজিসি ট্রাস্ট মেডিকেল ক্যাফেটেরিয়ায় আয়োজিত একটি বিশেষ সভায় আনুষ্ঠানিকভাবে এই শাখার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবিব আহসান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএইচআরএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং বিশেষ বক্তা হিসেবে বিএইচআরএফ সাংস্কৃতিক ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম সভায় যোগ দেন। সভায় সর্বসম্মতিতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সচেতনতা বাড়িয়ে তোলা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সামাজিক উন্নয়ন কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উল্লেখ করা হয়, আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে ‘এরিয়া প্রেজেন্টেশন’ নামক একটি বিশেষ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলা এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
