
নিজের খাবার নেই, তবু ভিক্ষার খাবার থেকে কুকুর-বিড়ালকে খাওয়ান নীলফামারীর বৃদ্ধা রোকেয়া
দুই বেলার খাবার জোগাতেও যায় না, তারপরেও চারটি কুকুর ও একটি বিড়ালকে খাওয়ান ষাটোর্ধ্ব বিধবা রোকেয়া বেগম। নীলফামারীর জলঢাকা উপজেলার শিমলবাড়ি ইউনিয়নের বাদশা মোল্লাপাড়ায় তিনি দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে বসবাস করছেন।
স্বামীর মৃত্যুর পর প্রায় দুই দশক ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিন কাটাচ্ছে রোকেয়ার। মা-মেয়ে দুজনের খাবার জোগাতে মানুষের দ্বারদ্বার ঘুরে ভিক্ষা করতে হয় তাকে। ভিক্ষা থেকে পাওয়া সামান্য খাবার দিয়ে নিজেদের পাশাপাশি আশ্রিত প্রাণীদের খাবারের ব্যবস্থা করেন তিনি। নিজের ছোট্ট ঘরে কুকুর-বিড়ালদের আশ্রয় দিয়েছেন এবং রাতেও তাদের সঙ্গেই ঘুমালে।
স্থানীয়দের মতে, একসময় পলিথিনের ঝুপড়িতে মেয়েকে নিয়ে বাস করতেন রোকেয়া। সম্প্রতি স্থানীয়দের সহযোগিতায় অন্য কারো জমিতে একটি ছোট টিনের ঘর পেয়েছেন তারা। তবে ওই ঘরে বিদ্যুতের সংযোগ, প্রয়োজনীয় আসবাবপত্র বা স্বাভাবিক জীবনযাপনের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।
স্থানীয়রা জানান, মাথা গোঁজার জায়গা পাওয়ার পরেও রোকেয়া বেগমের অভাব কাটেনি। এখনও ভিক্ষা করেই চলে মা-মেয়ের সংসার। সেই সামান্য আয় থেকে কুকুর-বিড়ালদের খাবার কেনেন তিনি। নিজের কষ্টের মধ্যেও প্রাণীদের প্রতি তার এই মমতা স্থানীয়দের কাছে মানবিক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, রোকেয়া বেগমের অসহায় অবস্থা বিবেচনা করে সমাজের বিত্তবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পাশে দাঁড়াবেন। প্রয়োজনীয় সহায়তা পেলে মা-মেয়ে ও তাদের আশ্রিত প্রাণীদের জন্য কিছুটা স্বস্তির জীবন কাটাতে পারবেন এই বৃদ্ধা।
