
রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। আটক এবং হস্তান্তরের এই প্রক্রিয়ায় সরাসরি জড়িত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা। ঘটনাটি গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ঘটে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য ও ভিডিও ফুটেজ অনুযায়ী, আটক হওয়া ব্যক্তির পরিচয় ও পল্টন এলাকায় উপস্থিতির কারণ জানতে চেয়ে যুবদল নেতারা প্রথমে তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের সময় সে নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন।
ভিডিওতে শোনা যায়, রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন যে, শেখ হাসিনার আগমন বা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতার পরিকল্পনা করতেই এই ব্যক্তি সেখানে অবস্থান করছিলেন। তিনি এ সময় ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে পদ-পদবিধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেছেন।
আটকের পর আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়ে নয়ন ওই ব্যক্তিকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ান। উপস্থিতদের নির্দেশ দেন তিনি যে, আটক করা ব্যক্তির মানিব্যাগ, মোবাইল ফোনসহ সকল ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে নেওয়া হবে যাতে কোনো জিনিসপত্র হারিয়ে না যায়। সর্বশেষে আটক করা আওয়ামী লীগ নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (আরএবি) হস্তান্তর করা হয়েছে।
