
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) মশা নিধনের জন্য ব্যবহৃত ওষুধ সরবরাহে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকার দিনা এন্টারপ্রাইজ ও খুলনার এমআর এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন ওষুধ সরবরাহ করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট মহলে। সম্প্রতি ইলেকট্রনিক গভার্নমেন্ট প্রোকিউরমেন্ট (ইজিপি) পদ্ধতির মাধ্যমে কেসিসিতে সাইপার মেথ্রিন ও লার্ভিসাইড সরবরাহের কার্যাদেশ পায় দিনা এন্টারপ্রাইজ। ৩১ আগস্ট কেসিসির গ্যারেজে সরবরাহকৃত সাইপার মেথ্রিন ওষুধ ফগার মেশিনে ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ছিটানো হয়। এতে ওষুধটির কার্যকারিতা একেবারে না থাকায় প্রায় ৩ হাজার লিটার ওষুধ ফেরত পাঠাতে বাধ্য হয় কেসিসি।দিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরফুদ্দিন টিপু জানান, অতীতেও সর্বনিম্ন দরদাতা হয়েও তিনি কার্যাদেশ পাননি। তাঁর দাবি, ওষুধ পরীক্ষার প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং টেন্ডার কার্যক্রম একটি সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। তাঁর মতে, যেসব প্রতিষ্ঠান প্রভাব খাটাতে পারে, তাদের পক্ষেই কাজ পাওয়া সহজ হয়ে যায়। অন্যদিকে, দীর্ঘ আট বছর ধরে কেসিসিতে মশা মারার ওষুধ সরবরাহ করে আসছে খুলনার ডুমুরিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানের মালিকানাধীন এমআর এন্টারপ্রাইজ। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি একক আধিপত্য প্রতিষ্ঠা করে কোটি কোটি টাকার কার্যাদেশ লাভ করেছে। দরপত্র প্রক্রিয়ায় কারচুপি ও প্রশাসনের উচ্চপর্যায়ে প্রভাব খাটিয়ে কাজ আদায়ের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। একাধিকবার তাদের সরবরাহ করা ওষুধ নিম্নমানের প্রমাণিত হয়েছে এবং অন্তত একটি চালান ফেরত পাঠানো হয়েছিল। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনূর জাহান জানান, দিনা এন্টারপ্রাইজের প্রথম দফায় সরবরাহ করা ওষুধ কার্যকর না হওয়ায় ফেরত পাঠানো হয়। তবে পরবর্তী দফার ওষুধের কার্যকারিতা পরীক্ষায় তুলনামূলক ভালো পাওয়া গেছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান জানান, ফিল্ড টেস্ট ও ল্যাব টেস্ট—উভয় পরীক্ষায় ওষুধের কার্যকারিতা প্রমাণিত হলেই তা গ্রহণ করা হবে। মশা নিধনের কাজে কোনো ধরনের মানহীন ওষুধ গ্রহণের সুযোগ থাকবে না বলেও তিনি প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে শুরু করলে নগরবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। পিকচার প্যালেস মোড়ে নাগরিক সমাজের উদ্যোগে প্রতীকী ‘মশারি মিছিল’ অনুষ্ঠিত হয়। তবে কেসিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে সে সময় কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহাসীন জানান, কেসিসির মশক নিধন কার্যক্রমে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়। সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, প্রতিটি ওয়ার্ডে মাত্র একজন করে কর্মচারী এবং মাত্র ৫৪টি ফগার মেশিন দিয়ে মশা নিধনের মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা সম্ভব নয়। তিনি বলেন, জনবল সংকট, যন্ত্রপাতির অভাব ও দুর্নীতির কারণে কার্যক্রম ব্যর্থ হচ্ছে। নগরবাসীর অভিযোগ, মশক নিধন কার্যক্রমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অব্যবস্থাপনা দূর করতে হবে। ওষুধ সরবরাহে মান নিশ্চিত করতে নিরপেক্ষ ল্যাব পরীক্ষার ব্যবস্থা এবং জবাবদিহিমূলক টেন্ডার প্রক্রিয়া চালুর দাবি উঠেছে।
