
নিজস্ব প্রতিবেদক //ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম পাওয়া ও বিতরণে অব্যবস্থাপনার কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব ইউনিয়নে ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালের কিছু বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর নাম দেখা গেলে ইউএনও বিরক্ত হয়ে আর বিতরণ না করেই চলে যান। তবে পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, “ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, তবে মূলত শৃঙ্খলার অভাবেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।” এ বিষয়ে জানতে চাইলে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।”
