
নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন সামরিক অভিযানের ফলে সৃষ্ট অস্থিরতা চীনের জন্য কৌশলগত সুযোগ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বেইজিং আনুষ্ঠানিকভাবে হামলার নিন্দা জানালেও ওয়াশিংটনের মনোযোগ মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ায় এশিয়া, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার কমতে পারে।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানে হামলাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, কূটনৈতিক অবস্থানের পাশাপাশি চীন পরিস্থিতিকে বাস্তব কৌশলগত সুবিধায় রূপ দিতে চাইবে। বিশেষ করে সমালোচনামূলক খনিজ, যেমন—গ্যালিয়াম সরবরাহে চীনের একচ্ছত্র প্রভাব এখন বড় হাতিয়ার হতে পারে।যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ চালাতে গিয়ে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র মোতায়েন করেছে। এতে প্যাট্রিয়েট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। এসব অস্ত্র তৈরিতে গ্যালিয়ামসহ বিরল খনিজ প্রয়োজন, যার বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে চীনের নিয়ন্ত্রণ শক্তিশালী। গত বছর যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার সময় বেইজিং গ্যালিয়াম রপ্তানি সীমিত করে বৈশ্বিক শিল্প সরবরাহে চাপ সৃষ্টি করেছিল। ফলে নতুন করে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত ও উৎপাদন সক্ষমতার ওপর চাপ বাড়াতে পারে।অন্যদিকে, ইরানে হামলার অর্থনৈতিক ঝুঁকিও রয়েছে চীনের জন্য। ধারণা করা হয়, চীন ইরান থেকে রপ্তানিকৃত তেলের প্রায় ৮০ শতাংশ কিনে থাকে, যা বেইজিংয়ের সমুদ্রপথে আমদানি করা তেলের প্রায় ১৩ শতাংশ। ইরান ও ভেনেজুয়েলার মতো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ থেকে চীনের বড় অংশের জ্বালানি আসে। সাম্প্রতিক অস্থিরতায় তেলের দাম বেড়ে ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি ৮২ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, সস্তা জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তা চীনের অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ডেটা সেন্টার বিস্তারের কারণে জ্বালানি চাহিদা বাড়ছে।তবে চীন আগাম প্রস্তুতি নিয়েছে বলেও ইঙ্গিত মিলছে। গত বছর দেশটি ব্যাপক হারে তেল মজুত বাড়িয়েছে। গবেষণা সংস্থা রিস্টাড এনার্জির তথ্য অনুযায়ী, আমদানি বৃদ্ধির বড় অংশই মজুত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। ফলে স্বল্পমেয়াদে সরবরাহ বিঘ্ন সামাল দেওয়া সম্ভব হতে পারে।ভূরাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে ব্যস্ত থাকলে তাইওয়ান ইস্যুতে তাৎক্ষণিক চাপ কমতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত হ্রাস পেলে ভবিষ্যৎ এশিয়াকেন্দ্রিক কৌশলে সীমাবদ্ধতা দেখা দিতে পারে।
