
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচার এবং পুশইন প্রতিরোধে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর উদ্যোগে উপজেলার বাঁশতলা বিওপি শহীদ মিনার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভাটি আয়োজন করা হয়।
সভায় সহকারী পরিচালক মোঃ সেলিম রানা, ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু, সুপারি চোরাচালান, মানব পাচার এবং পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণকে সতর্ক করেন। তিনি সীমান্তের স্থানীয় জনগণকে চোরাকারবারীদের বিষয়ে সজাগ থাকা এবং এ ধরনের অবৈধ কর্মকান্ডে কোনোভাবে জড়িত না হওয়ার পরামর্শ দেন।
এসময় তিনি আন্তর্জাতিক সীমান্ত ও জিরো লাইনে অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার আহবান জানান। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি চলাচল, মানব পাচার, পুশ-ইন কিংবা গরু ও সুপারি চোরাচালানের কোনো ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য আহবান করা হয়।
সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধ মানব পাচার, পুশ-ইন প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরণের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
