
চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি বনভূমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় হামলার শিকার হয়েছেন বন বিভাগ ও পুলিশের সদস্যরা। এ ঘটনায় বন বিভাগের পাঁচ কর্মী ও এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাঁশখালী ইকোপার্কের সংলগ্ন শীলকূপ মৌজার ৯ নম্বর ওয়ার্ডের করলাশিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত বন বিভাগের কর্মীরা হলেন—ওয়াইল্ডলাইফ স্কাউট তোফাজ্জল হোসেন (৪৫), জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অঞ্জন দে (৩৫), সুভাষ চন্দ্র লস্কর (৪২), পাহারাদার দেলোয়ার হোসেন (৪৫) ও শামসুল আলম (৪৫)। পুলিশের আহত কনস্টেবলের নাম এখনও জানা যায়নি।
বন বিভাগের সূত্রে জানা গেছে, বাঁশখালী ইকোপার্কের সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখল করে একটি প্রভাবশালী চক্র পাকা ও আধপাকা স্থাপনা নির্মাণ করেছে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে মঙ্গলবার সকালে বন বিভাগ এবং বাঁশখালী থানা পুলিশের একটি যৌদি দল অভিযান চালায়।
আহত কর্মীদের অভিযোগ, অভিযান চলাকালে লেয়াকত আলীর নেতৃত্বে একদল লোক লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বন বিভাগের পাঁচ কর্মী ও পুলিশের এক সদস্য আহত হন।
বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
