
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সরকার। সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যায়ে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। তিনি জানান, এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে এবং ডিসেম্বরের আগেই সব প্রক্রিয়া চূড়ান্ত করে কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য রয়েছে। তবে তিনি এটাও উল্লেখ করেন, মালয়েশিয়ার নিয়োগকর্তা প্রতিষ্ঠান ডিএইচএলের সহযোগিতা পাওয়া গেলে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।
উদ্যোগটির অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে। জানা গেছে, গত ২ নভেম্বর ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
আবেদনকারীদের মধ্যে সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক জানান, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচিত হবেন।
তিনি আরও জানান, পুরো নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যায়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের সরকার নির্ধারিত সব অভিবাসনসংক্রান্ত ব্যায় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে বোয়েসেল নিয়োগকর্তা প্রতিষ্ঠান বা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যায় বা সার্ভিস চার্জ নেবে না।
কর্মীদের সতর্ক করে তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তিকে অর্থ দেওয়া যাবে না। কেউ অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থান বাড়াতে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বোয়েসেল। নিয়োগের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সাধারণ শ্রমিকেরা যেন নিজেদের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল।
