
নোয়াখালী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিপনকে ঢাকায় গ্রেফতার
ঢাকার তুরাগ থানার পুলিশ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) গ্রেফতার করেছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ডিআইজি মো. আকতার হোসেন।
তুরাগ থানার পুলিশের দেওয়া রিপোর্টের বরাত দিয়ে মিডিয়া ডিআইজি জানান, গত বৃহস্পতিবার রাত ঢাকার দিয়াবাড়ী বৌ বাজার এলাকায় অভিযান চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত শিপন নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নোয়াখালী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই বিষয়ে তুরাগ থানার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
