
শ্যামনগরে হাসিনার প্রবেশের কোনো সুযোগ নেই: ড. মনিরুজ্জামান
শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজিত একটি বিক্ষোধ মিছিল ও সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু শেখ হাসিনা বা তার কোনো দোসরকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
রবিবার (২৯শে নভেম্বর) সকালে শ্যামনগরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।
সমাবেশে বক্তৃতা করতে গিয়ে ড. মনিরুজ্জামান বলেন, সুন্দরবনঘেঁষা শ্যামনগরের মানুষের কাছে বাঘের লোকালয়ে আসা স্বাভাবিক ঘটনা। তবে শেখ হাসিনা বা তার কোনো সহযোগীর এই এলাকায় প্রবেশের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, সীমান্ত থেকে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকেও এই মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিএনপির নেতা-কর্মীদের ওপর অত্যাচার ও নির্যাতনের অভিযোগ তুলে ড. মনিরুজ্জামান দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে এবং সারাদেশে অসংখ্য মামলার মাধ্যমে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলন সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার পতনের আগে আন্দোলনের শেষ পর্যায়ের কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। নিহতদের পরিবারের বেদনা এখনো কাটেনি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন।
শ্যামনগরে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার বিষয়ে ড. মনিরুজ্জামান দাবি করেন, গত নয় মাসে বিএনপির নেতা-কর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখেছেন এবং বিরোধী মতের ব্যক্তিদের ওপর জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা বা হয়রানির কোনো ঘটনা ঘটেনি। তিনি আগামী দিনেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
ভারতের ভূমিকার সমালোচনা করে ড. মনিরুজ্জামান বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সুলায়মান কবির। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক ইলাহী মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সায়েদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।
এছাড়াও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
