
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ফলাফল রাতেই ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট সময় এখনই বলা সম্ভব নয়।’ফল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ‘ডাকসুর ব্যালট পাঁচটি পাতায় বিভক্ত। সেগুলো মেশিনে দেওয়ার আগে আলাদা করে নিতে হচ্ছে। প্রতিটি ব্যালট বাক্স খোলার সঙ্গে সঙ্গে প্রথমে এই কাজটি করতে হচ্ছে, তাই সময় লাগছে।’বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকেই একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।এদিকে, ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে।’
