
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিএসএফের বেশ কিছু সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ প্রবেশ করেন। তারা মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় কৃষক ও সাধারণ লোকেরা দ্রুত একত্রিত হন এবং লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন। স্থানীয়দের প্রতিরোধ ও ধাওয়ায় মুখে বিএসএফ সদস্যরা নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হন।
অভিযোগে বলা হয়েছে, ধাওয়ার সময় বাংলাদেশি কৃষক ও বিএসএফ সদস্যদের মধ্যে মারধরও ঘটে। পরে নিজেদের এলাকায় ফিরে বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় থমথে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এই ধরনের একটি ঘটনার কথা শুনেছেন এবং একটি ভিডিও দেখেছেন। তবে এটি সম্পূর্ণ সীমান্ত এলাকার বিষয় হওয়ায়, বিজিবি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানালে তবেই এই বিষয়ে মন্তব্য করা সম্ভব বলে তিনি জানিয়েছেন।
