
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশের অভিযানে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। এ সময় দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে দুলাল মিয়ার বসতঘরে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট জব্দ করা হয়। এসব নোটের মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি। আটকৃত দুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, আটক দুলাল মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, অভিযানে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
