
ঝিনাইদহে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার গরু চুরি
ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারি তারিফুল ইসলামের খামান থেকে গভীর রাতে ছয়টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে। চুরি হওয়া পশুগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা, যা এলাকার খামারিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে একটি ট্রাক নিয়ে চোরচক্রের সদস্যরা খামারের সামনে আসে। পরে তারা খামারের তালা ভেঙে একে একে ছয়টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে খামারি তারিফুল ইসলাম গরু না পেয়ে চুরির বিষয়টি টের পান এবং পুলিশকে খবর দেন।
তারিফুল ইসলাম বলেন, রাতের আঁধারে ট্রাক নিয়ে এসে চোররা তার খামারের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে। তিনি এই খামারের ওপরই নির্ভরশীল উল্লেখ করে চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের দাবি জানান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, খামার থেকে গরু চুরির ঘটনা সম্পর্কে তারা অবগত হয়েছেন। চোরচক্রকে শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ কাজ করছে। এই ঘটনার পর থেকে এলাকার অন্যান্য খামারিরাও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন।
