
রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ৩টার দিকে শুরু হওয়া এই শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এই আয়োজনে দলের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে যাত্রা করে। এর আগে, শোভাযাত্রা শুরুর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিয়েছেন।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
