
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে সদর মডেল থানা-পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুজনকে ছিনতাইকারী হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। এছাড়া মাদক সেবনের অভিযোগে ১৪ জন এবং আদালতের পরোয়ানায় থাকা দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান চালানো হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া দুজন ছিনতাইকারী হলেন তানজিব হাসান বাপ্পি (৩০) ও মো. আল আমিন (২২)। বাপ্পির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও মালামাল উদ্ধারের অভিযোগে একটি এবং হত্যা মামলায় আরেকটি মামলা আছে। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর দায়ের করা মামলাটির এজাহারে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছিল।
মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৪ জনের মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া, কক্সবাজারের মহেশখালী, চকরিয়া ও উখিয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা আছেন। তাদের কয়েকজন কক্সবাজার শহরের কলাতলী, সমিতিপাড়া, মোহাজেরপাড়া ও টেকপাড়া এলাকার বাসিন্দা।
এছাড়া আদালতের পরোয়ানায় থাকা দুজন আসামি মো. রেজাউল করিম ও মোহাম্মদ রফিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানের পাশাপাশি যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে মোটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ১৭টি মোটরসাইকেল আটক, ১৬টির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল এবং মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শহর ও ইউনিয়ন পর্যায়ে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
