
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৫
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকাগুলিতে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে ১৫ জন মাদকসেবী, দুটি গুরুতর অপরাধের মামলার আসামি, সাতজন পলাতক আসামি এবং একটি নিয়মিত মামলার আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ১৫ মাদকসেবী হলেন আবুর বাশার (৩২), মাবুদ (২৩), সোনা মিয়া (৪৮), সেলিম উল্লাহ (৪৩), সাইমন (২১), আব্দুল জলিল (৪৫), জয়নাল উদ্দিন (২৮), সৈয়দ (৩৮), আব্দুস সোবাহান (৩৬), মুজিব (৩৬), মিজবাহ ওরফে পেট্রো (২৬), আবু তালেব (৪৫), আদিব (১৯), মাসুদ (১৯) ও নোমান হোসেন (২৫)। গুরুতর অপরাধে গ্রেপ্তার দুজন হলেন মাহবুব (২০) ও শহিদুল ইসলাম ওরফে সুমন (৩১)।
পুলিশের তথ্যমতে, শহিদুলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা, ২০২৫ সালের দ্রুত বিচার আইনের মামলা এবং চলতি বছরের ২৩ অক্টোবর দায়ের করা মারামারি, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও চুরিসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। এছাড়া পলাতক গ্রেপ্তার সাতজন হলেন হোসনে আরা, জাগির হোসেন, আলমগীর (৩৩), নুরুল আজিম, আনোয়ার ইসলাম সাগর, রুবেল (২৮) ও শাহিন (২৮)। তাদের মধ্যে আলমগীর ও নুরুল আজিম সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন মুরশেদ প্রকাশ ইলেক্ট্রিক মোর্শেদ (৬৩)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, চুরি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধ প্রবণ এলাকাগুলি চিহ্নিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধীদের পাশাপাশি অপরাধে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
