
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন চলাকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। দুর্বৃত্তদের হাতে আগুনে ক্ষতিগ্রস্থ ওই ইউনিয়ন পরিষদ ঘুরে দেখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪ (এসআরবি)-সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাহিনীর টহল জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুক্তাগাছা, ফুলবাড়িয়া এবং ত্রিশাল উপজেলা পরিদর্শন করেন। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসক স্থানীয় বিএনপি নেতাদের এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ের পর তিনি ক্ষতিগ্রস্থ ইউনিয়ন পরিষদটি পরিদর্শন করেন।
এই পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, থানার ওসি রাশেদুল হাসান এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, মীর কামরুজ্জামান আজাদ, জাকির হোসেন খান বাপ্পি এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল ফজলও উপস্থিত ছিলেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানের কার্যালয়ে পরিকল্পিতভাবে দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয়। ওই ঘটনায় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ঘটনাটির প্রতিবেদন হিসেবে গত ১৯ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইছমাতারা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানান, ইউনিয়ন পরিষদে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এলাকাটি পরিদর্শন করেন এবং দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্থ ইউনিয়ন পরিষদটি ঘুরে দেখেন।
