
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং আসিফ মাহমুদের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আকাঙ্ক্ষা প্রসঙ্গে গোপালগঞ্জকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এ অঞ্চলের মানুষ দলটিকে ধর্মের মতো মনে করে। রোববার (১৫ নভেম্বর) তার ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, অন্তর্বর্তী সরকারের সময়ের ঘটনা এবং এনসিপি নেতাদের প্রসঙ্গ তুলে ধরেন।
পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সময় ৪ জন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় এবং অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ১ জনও মারা যাক, এটি চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
এদিকে, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান বলে খবর প্রকাশ হয়েছে। এ প্রসঙ্গে রাশেদ খাঁন জিজ্ঞাসা করেন, আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিল।
রাশেদ খাঁন আরও লেখেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।
