
রাজশাহীর পবা উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে টানা দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত হামলা চালায় বলে জানা গেছে। তারা কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে।
এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্ফোরণে কী ক্ষতি হয়েছে, তার বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। ঘটনার পর উপকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
