
সিসিটিভি বসিয়েও রক্ষা হলো না মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামির। রৌমারী থানা পুলিশের বিশেষ অভিযানে মো. ফকির আলী ওরফে ফকির চাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি খাটিয়ামারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে থানার অভিযানিক টিম এই অভিযান চালায়। পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে রৌমারী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন ফকির চাঁন। মাদক ব্যবসা পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তার বাড়িতে ১৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। অভিযানের সময় ওই ক্যামেরাগুলো জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, তাকে গ্রেপ্তারের জন্য আগেও একাধিকবার অভিযান চালানো হয়েছিল, তবে তিনি বারবার গ্রেপ্তার এড়িয়ে যান। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। এর মধ্যে সাজা ওয়ারেন্টসহ একাধিক মামলাও আছে।
এএসপি মো. রাসেল কবির বলেন, মাদক ব্যবসা, মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে রৌমারী এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
